নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট ২০২৬। ১১:৫৩:২৬ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় জেলা শহরের কালীবাড়ি এলাকার স্বরলিপি সংগীত নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সংগীতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কণ্ঠশিল্পী মো. বসির উদ্দিন মাস্টার। সংগীত পরিবেশন করেন বেলা আজাদ, নন্দন ঘোষ, সম্প্রীতি দাস, সঞ্চিতা দাস, অগ্নিল হোসেন, শাইফুল ইসলাম, শামিম বিশ্বাস ও নাছরিন আহমেদ। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী পলাশ পাশা।
বাদ্যযন্ত্রে তবলা পরিবেশন করেন প্রতুল রায় ও শ্যামল কর্মকার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল।
আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার যে বাণী ছড়িয়ে দিয়েছেন, তা আজও সমাজে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা। পরে নজরুলের গান, কবিতা ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।
সারাদেশ | ২৯ আগস্ট ২০২৬
নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

























