ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে পড়ে তরুণ নিহত, আহত ১
- প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬। ৩:৩৮:৫৮ পিএম
মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে সাইম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মিঠু (২৩) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলা নতুন ব্রিজের উত্তর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইম ঘিওর উপজেলার ধুলণ্ডী গ্রামের পলাশ মিয়ার ছেলে। আহত মিঠু একই এলাকার এরশাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে সাইম ও মিঠু যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালাতে গিয়ে ঘিওর নতুন ব্রিজের উত্তর ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সাইম ও আরোহী মিঠু শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চালক সাইমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত মিঠুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সারাদেশ | ২৪ জুলাই ২০২৬
ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে পড়ে তরুণ নিহত, আহত ১
























