পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা
- প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬। ৫:০৬:২৪ এএম
তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক
দীর্ঘ বৈঠক শেষে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
টানা ১২ ঘণ্টা বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়।
মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে চলে রাত ২টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।
বাবুল আখতার আরও বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।
এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।
জাতীয় | ২৫ নভেম্বর ২০২৬
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা



















