সরকারের ভুল ধরিয়ে দেওয়াই সাংবাদিকের কাজ: অর্থমন্ত্রী
- প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬। ৩:৫৯:১১ পিএম
সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সঠিক সিদ্ধান্ত নিতে সরকারের নিজস্ব, দলীয় বা প্রাতিষ্ঠানিক মতামত যথেষ্ট নয়, সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন মতামত পাওয়াও জরুরি। আর কেউ ‘স্মার্ট রাজনীতি’ করতে চাইলে সেই সমালোচনা কাজে লাগানো সহজ হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। সমাপনী বক্তব্য দেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন।
অনুষ্ঠানে সংবাদপত্র ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—এই দুই মাধ্যমে মোট ২৬টি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়। এর বাইরে সব মাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিভাগেও পুরস্কার দেওয়া হয়। অর্থমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে নীতি-নৈতিকতার অবক্ষয় ও নৈতিক দিকনির্দেশনা (মোরাল কম্পাস) নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই সংকট শুধু সাংবাদিকদের নয়; রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের ক্ষেত্রেও কমবেশি রয়েছে।
তিনি বলেন, অনেক সাংবাদিক আছেন, যারা সমাজে ‘অনেস্ট ব্রোকার’ বা সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। সত্য তুলে ধরে জনগণকে জানানো এবং জাতি ও রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথ দেখানো সাংবাদিকদের দায়িত্ব।
পুরস্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নিরপেক্ষ ও স্বচ্ছ একটি প্যানেলের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়েছে। এটি সাংবাদিকতার প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এ ধরনের স্বীকৃতি সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে এবং মানোন্নয়নে ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।
গণমাধ্যমের বর্তমান বাস্তবতা তুলে ধরে মন্ত্রী বলেন, অনলাইন, ছাপা ও ইলেকট্রনিক মাধ্যমের পাশাপাশি নাগরিক সাংবাদিকতার উত্থান ঘটেছে। সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব। ফলে সাংবাদিকতার ক্ষেত্র অনেক জটিল হয়ে উঠেছে। এই বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া আগের চেয়ে অনেক কঠিন। তাই সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য করা সময়ের দাবি।
রাজনীতিবিদ ও সরকারের সঙ্গে সাংবাদিকদের নিয়মিত যোগাযোগের ওপর জোর দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, খোলামেলা শাসনব্যবস্থার (ওপেন গভর্ন্যান্স) জন্য সব পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা অপরিহার্য।
তিনি বলেন, একজন মন্ত্রী বা সরকার হিসেবে আমার নিজস্ব, দলীয় বা প্রাতিষ্ঠানিক ফিডব্যাক থাকলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাংবাদিকদেরও নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সততা বজায় রাখা দরকার বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে, বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে। দীর্ঘদিনের স্মৃতিচারণা করে তিনি বলেন, বহু বছর ধরে সরকারি-বেসরকারি অনুষ্ঠানে, এমনকি আন্দোলনের সময়েও তিনি ডিআরইউর নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এভাবে সাংবাদিকদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
২০২১ সালে প্রথমবার ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয় নগদ। এরপর ২০২৫ সালে এবং এবার তৃতীয়বারের মতো প্রতিষ্ঠানটি এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করল
জাতীয় | ২৪ নভেম্বর ২০২৬
সরকারের ভুল ধরিয়ে দেওয়াই সাংবাদিকের কাজ: অর্থমন্ত্রী



















