ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন আজ
- প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬। ৪:৩০:৫০ এএম
ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের (জাইমা রহমান) ৩১তম জন্মদিন আজ । ১৯৯৫ সালের এ দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা আইন পেশার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দায়িত্ব পালন করছেন।
জাইমার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও মুক্তিযুদ্ধের বীরউত্তম খেতাবপ্রাপ্ত সেক্টর কমান্ডার। দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সরকারের সাবেক মন্ত্রী।
জাইমা রহমান ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। পরে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি পেশার যোগ্যতা অর্জন করেন। যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন জাইমা। ওই সফরে যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পরবর্তী সময়ে গণতন্ত্র, নারী অধিকার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত আলোচনাতেও অংশ নেন তিনি।
২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে তাঁর দায়িত্ব পালনের খবর প্রকাশিত হয়। সেখানে তিনি সভাপতির নির্বাহী কার্যালয়ের আইনি বিষয়াবলিতে কাজ করছেন।
আইন পেশার পাশাপাশি সামাজিক উন্নয়ন সংস্থা সুরভীর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন জাইমা রহমান। সংস্থাটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে।
সারাদেশ | ২৫ অক্টোবর ২০২৬
ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন আজ
























