মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, পরীক্ষার্থীদের জন্য ছাত্র নেতাদের নানা উদ্যোগ
- প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬। ৮:৪৮:০৭ এএম
মানিকগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি দেবেন্দ্র কলেজে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পর্যবেক্ষণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তাহমিনা আক্তার, সেকশন অফিসার সেলিনা আফরোজ ও কানিজ ফাতিমা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহফিল খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ সার্বিক তদারকি করেন।
এদিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন তথ্য সহায়তা কেন্দ্র ও হেল্প ডেস্ক স্থাপন করে। পরীক্ষার আগে কলেজ ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার স্থান, স্যালাইন ও ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়।
শিক্ষার্থীদের কলম ও ফাইল বিতরণসহ নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে এসব সংগঠন। এ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’সহ আরও কয়েকটি সংগঠন অংশগ্রহণ করে।
এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে আমরা এই উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি।আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ফাইল -কলম উপহার দিয়েছি। পাশাপাশি অভিভাবকদের বসার ব্যবস্থা ও তাদের জন্য পানি ও স্যালাইন এর ব্যবস্থা করা হয়েছে।আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় আছি এবং ভবিষ্যতেও থাকবো। ”
অন্যদিকে ‘বাঁধন’ এর সরকারি দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি তানভীর আহমেদ সিফাত বলেন, “আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু আয়োজন করেছি। এতে তারা অনেক খুশি হয়েছে এবং পরীক্ষার্থীদের সহায়তা করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
শিক্ষা | ২৫ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, পরীক্ষার্থীদের জন্য ছাত্র নেতাদের নানা উদ্যোগ

























