জনগণের সেবায় দিঘী ইউনিয়নে প্রার্থী হচ্ছেন সমাজকর্মী ফরিদ খান
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬। ৫:১১:১১ এএম
মানিকগঞ্জ জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও পিপলস সোশ্যাল এসোসিয়েশন (পাসা)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান দাউদ মানিকগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইউনিয়নের উন্নয়ন ও অধিকারবঞ্চিত জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তিনি ইতোমধ্যে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন।
জানা গেছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে ফরিদ খান দাউদ দিঘী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তাদের মতামত ও প্রত্যাশার কথা শুনছেন। তিনি সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে দিনরাত কাজ করে যাচ্ছেন।
ফরিদ খান দাউদ বলেন, “শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সততা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দিঘী ইউনিয়নবাসীর অদম্য প্রহরী হিসেবে জনগণের সেবক হতে চাই।” তিনি বাংলা নববর্ষ উপলক্ষে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নির্বাচিত হলে তিনি গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং খেলাধুলায় উৎসাহ প্রদানের উদ্যোগ নেবেন বলে জানান। পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জন্ম-মৃত্যু সনদ ও ট্রেড লাইসেন্স দ্রুত প্রদান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবেশবান্ধব ইউনিয়ন গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া চুরি-ডাকাতি, খুন-গুম, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দালালিসহ সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এদিকে ফরিদ খান দাউদের প্রার্থিতার খবর ছড়িয়ে পড়লে দিঘী ইউনিয়নজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—নবীন-প্রবীণ, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, রাজনীতিবিদ ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
রাজনীতি | ১৬ এপ্রিল ২০২৬
জনগণের সেবায় দিঘী ইউনিয়নে প্রার্থী হচ্ছেন সমাজকর্মী ফরিদ খান

























