এটাই আমার জীবনের শেষ ইলেকশন- মেয়র প্রার্থী যাদু
- প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬। ৫:৪২:০৩ এএম
মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ যাদু বলেছেন, হয়ত এটাই আমার জীবনের শেষ ইলেকশন। আমাকে দল যেন নমিনেশন দেয়, আপনারা আমার জন্য কাজ করেন, একটাবার আপনারা আমাকে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আমি একটা রেকর্ড রেখে যেতে চাই-সৎভাবেও চলা যায়। সৎভাবেও মানুষ বাচতে পারে, সৎভাবে তাদের সন্তানদের বাচাতে পারে।আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি।

সোমবার বিকেলে সেওতা এলাকার নিজ বাসভবনে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সভায় আবেগঘন বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ যাদু বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ পৌরবাসীর পাশে রয়েছেন এবং এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে সমর্থন দিলে তিনি নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোট কারচুপির মাধ্যমে তাকে একাধিকবার পরাজিত করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা নাসির উদ্দিন আহমেদ জাদুর পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু। তিনি বলেন, “নাসির উদ্দিন আহমেদ জাদু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন পরীক্ষিত ও জনপ্রিয় ব্যক্তি। আমরা বিশ্বাস করি, দল তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।”
এ সময় সিরাজুর রহমান সিরাজ বলেন, “পৌরসভার উন্নয়নে একজন যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। জাদু ভাই সেই যোগ্যতা রাখেন। আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।”
এছাড়াও উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা বলেন, নাসির উদ্দিন আহমেদ জাদু অতীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জনগণের আস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তারা আশা প্রকাশ করেন, দলীয় সমর্থন পেলে তিনি নির্বাচনে সফল হবেন এবং পৌরবাসীর কল্যাণে কাজ করবেন।
সভা শেষে নাসির উদ্দিন আহমেদ জাদু সকলের সহযোগিতা কামনা করেন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
রাজনীতি | ৭ এপ্রিল ২০২৬
এটাই আমার জীবনের শেষ ইলেকশন- মেয়র প্রার্থী যাদু























