প্রত্যেকটা উপজেলাতেই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে- মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী রিতা
- প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬। ৩:৩৭:৫৬ এএম
মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। যা বাংলাদেশের মানুষের ভাগ্যের বিরাট পরিবর্তন হবে। এই খাল খনন দিয়ে আমাদের শস্য আমাদের ফসলি জমি সবকিছুই খাল খননের মধ্য দিয়ে আমাদের মানুষেরা উপকার পাবে। এতে আমাদের কোন কিছুই যেন আর আমদানি করতে না হয়, আমরা নিজেরাই যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমরা প্রত্যেকে যে যেখানে আছি আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ধাপে ধাপে প্রত্যেকটা উপজেলাতেই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরের মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুক হাঁপানিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, খাল খনন বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি বাদল হলেই রাস্তাঘাট ভরে যায়। আবার খরার সময় কৃষি কাজ করার জন্য যে পানির প্রয়োজন তাও আপনারা কৃষকরা ঠিকমতো পাচ্ছেন না। এই কৃষি কাজের উন্নয়নের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোকেই সেই খাল খননের কর্মসূচি আবার হাতে নিয়েছেন।
দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর উপজেলায় আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আর সুলতানা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, , পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নূরেন প্রমুখ।
রাজনীতি | ১৭ মার্চ ২০২৬
প্রত্যেকটা উপজেলাতেই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে- মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী রিতা






















