মানিকগঞ্জ–১ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ করলেন স্বতন্ত্র প্রার্থী তোজা
- প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬। ১২:০১:৫০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ চরমভাবে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসনটির স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবীরের বিরুদ্ধে তিনি এসব অভিযোগ করেন।
মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর থেকেই তার সমর্থক ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। এমনকি কোথাও কোথাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, প্রকাশ্যে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবার-পরিজনের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্যদের জিম্মি করে নেতাকর্মীদের নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতে বাধ্য করার অভিযোগও তোলা হয়েছে।
মোঃ তোজাম্মেল হক তোজা দাবি করেন, প্রশাসন ও পুলিশ বাহিনীর একটি অংশকে ব্যবহার করে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, কম ভোট পড়লেও ফলাফল নিজেদের পক্ষে নেওয়া এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে নানামুখী কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় গণমাধ্যমের সক্রিয় ভূমিকা জনগণের ভোটাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
লিখিত অভিযোগের মাধ্যমে তিনি দ্রুত সংবাদ সম্মেলনের আয়োজন করে পুরো পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরার জোর দাবি জানান।
রাজনীতি | ৩ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ–১ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ করলেন স্বতন্ত্র প্রার্থী তোজা

























