প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ৫:৪১:৫১ এএম
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের সামনের সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। গত সোমবার নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত দুদিন ধরে হোটেলের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। বুধবার প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কের বিপরীত পাশে জড়ো হয়ে পাল্টা মিছিল ও বিক্ষোভ করেন।
এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে হোটেলসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি যাতে সংঘাতে রূপ না নেয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং দুই পক্ষকে আলাদা রাখার উদ্যোগ নেন।
এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেখান থেকে চলে যেতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
এর আগে রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল






















