আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় উচ্ছ্বসিত মানিকগঞ্জের বিএনপি নেতারা
- প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট ২০২৬। ৮:৩৭:২৮ এএম
মন্ত্রিসভায় দপ্তর রদবদলের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আফরোজা খানম রিতা এতদিন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বে তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান বলেন, “আফরোজা খানম রিতা খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। আমরা আশা করি, তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন বলেন, “এটি শুধু আফরোজা খানম রিতার জন্য নয়, মানিকগঞ্জবাসীর জন্যও আনন্দের খবর। তিনি এর আগে যে দায়িত্বে ছিলেন, সেখানেও দক্ষতার পরিচয় দিয়েছেন। নতুন দায়িত্বেও তিনি সফল হবেন বলে আমরা আশাবাদী।”
মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, “খাদ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, খাদ্যশস্য সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় এ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আফরোজা খানম রিতার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা প্রত্যাশা করি।”
এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “আফরোজা খানম রিতার নতুন দায়িত্বপ্রাপ্তি মানিকগঞ্জের জন্যও গৌরবের বিষয়। তার মাধ্যমে জেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে বলে আশা করছি।”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন আফরোজা খানম রিতা। পরবর্তীতে তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দপ্তর রদবদলের মাধ্যমে এবার তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনীতি | ২৩ আগস্ট ২০২৬
আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় উচ্ছ্বসিত মানিকগঞ্জের বিএনপি নেতারা

























