শাবান ও শবে বরাত: তাৎপর্য, গুরুত্ব ও আমল
- প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬। ৪:৩৮:৫০ এএম
শাবান মাসের তাৎপর্য : হিজরি বর্ষপঞ্জির ৮ম মাস হলো শাবান। ইসলামে এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। আরবী শাবান শব্দের অর্থ হলো- বিস্তৃত হওয়া, বিচ্ছুরণ ঘটা, ছড়িয়ে পড়া, ছড়িয়ে দেওয়া ইত্যাদি। বিভিন্ন কারণে রজব ও রমযান- এই দুই মাসের মধ্যখানের শাবান মাসটিই ছিল আরব্য গোত্রগুলোর জন্য জীবিকা উপার্জনের উপযুক্ত সময়। তাই তারা এই মাসে জীবিকার সন্ধানে চারিদিকে ছড়িয়ে পড়ত। এজন্য মাসটির নামকরণ করা হয়েছে শাবান। এর আরেকটি অর্থ হলো-মধ্যবর্তী সুস্পষ্ট। যেহেতু এই মাসটি রজব ও রমজানের মধ্যবর্তী, তাই এই মহিমান্বিত মাসকে শাবান নামে নামকরণ করা হয়। আরবিতে এই মাসটির পূর্ণ নাম হলো-আশ্ শা’বানুল মুআজজাম’ তথা মহান শাবান মাস।
শাবান মাসের গুরুত্ব ও ফযীলত : আয়েশা রা. বলেন,আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোযা রাখতে দেখিনি। আর আমি তাঁকে (রমযান ছাড়া) শাবান মাস অপেক্ষা অধিক রোযা রাখতে আর কোনো মাসে দেখিনি। [সহীহ বুখারী, হাদীস ১৯৬৯] আয়েশা রা. থেকেই বর্ণিত অপর এক হাদীসে আছে―রোযা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। [মুসনাদে আহমাদ, হাদীস ২৫৫৪৮; সুনানে আবু দাউদ, হাদীস ২৪৩১] এ হাদীস দুটির ভাষ্য হলো- রোযা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল, তাই তিনি রমযান মাস ব্যতীত এ মাসেই সবচেয়ে বেশি রোযা রাখতেন। কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোযা রাখতেন? তা অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে। উসামা বিন যায়েদ রা. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (রমযান ছাড়া) শাবান মাসে যত রোযা রাখতেন অন্য কোনো মাসেই এত রোযা রাখতেন না। উসামা বিন যায়েদ রা. বলেন, আমি (একবার) বললাম―আমি আপনাকে কোনো মাসেই এত রোযা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোযা রাখেন? এ প্রশ্নের উত্তরে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন―শাবান হল রজব ও রমযানের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে (অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে) মানুষ গাফেল থাকে। শাবান হল এমন মাস, যে মাসে রব্বুল আলামীনের কাছে (বান্দার) আমল পেশ করা হয়। আমি চাই, রোযাদার অবস্থায় আমার আমল (আল্লাহর দরবারে) পেশ হোক। [মুসনাদে আহমাদ, হাদীস ২১৭৫৩; সুনানে নাসায়ী, হাদীস ২৩৫৭; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ৯৮৫৮] শাবান মাসের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্বারোপ করতেন, এই হাদীসে তিনি তা খুলে বলেছেন। তাঁর কথার মর্ম হল, এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কাজেই এ মাসটি গুরুত্বের দাবিদার। তাছাড়া সামনে রমযান আসছে, ফযীলতপূর্ণ মাস হিসেবে রমযানকে গুরুত্ব প্রদান করা হয়। শাবান মাসের আগে রজব মাস আছে, রজব মাস পবিত্র চার মাসের একটি, তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয়। মাঝখানে শাবানের ব্যাপারে গাফলতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে, দেখো, একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার। এ মাসে বান্দার গোটা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই শাবান আল্লাহর দরবারে আমলনামা পেশ হওয়ার মাস। কাজেই এই মাসেরও যথাযথ কদর করা চাই। এ কারণেই আমি এ মাসে এত রোযা রাখি। ইমাম ইবনে রজব রাহ. এই হাদীস সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি গভীর বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, এই হাদীসে এই ইঙ্গিত রয়েছে যে, কখনো কোনো একটা সময়, ব্যক্তি বা স্থানের ফযীলত প্রসিদ্ধ হয়ে যায়, তখন সবাই সেই প্রসিদ্ধ স্থান, কাল, পাত্র নিয়েই ব্যস্ত থাকে। অথচ ভিন্ন বিবেচনায় অন্য কোনো স্থান, কাল, পাত্র সেই প্রসিদ্ধ স্থান, কাল, পাত্রের চেয়েও উত্তম হতে পারে। কিন্ত অনেকে সেদিকে লক্ষ করে না। [লাতায়েফুল মাআরিফ, পৃ. ২৫১] সুতরাং একাধিক ফযীলতের কারণে যেভাবে রমযান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসেবে আশহুরে হুরুম বা পবিত্র চার মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয়, তেমনি সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসেবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য। আর এই গুরুত্ব প্রদান করার উপায় হল, সবধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যতœবান হওয়া। শাবান মাসের অধিকাংশ দিন রোযা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই নির্দেশনাই দিয়ে গেছেন।
উল্লেখ্য, এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন, সহীহ হাদীসে আছে, আল্লাহর দরবারে প্রতিদিন বান্দাদের আমলনামা পেশ করা হয়। দিনের আমলনামা রাতে আর রাতের আমলনামা দিনে পেশ করা হয়। (সহীহ মুসলিম, হাদীস ১৭৯) এটি হল প্রতিদিনের আমলনামা। অপর একটি সহীহ হাদীসে আছে যে, সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়। (সহীহ মুসলিম, হাদীস ২৫৬৫) এটি হল সাপ্তাহিক আমলনামা। আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে। সেটা হল শাবান মাসে। এখানে সেটার কথাই বলা হয়েছে। (লাতায়েফুল মাআরেফ, পৃ. ২৪৪)
শাবান মাসের রোযা : উপরিউক্ত বর্ণনাসমূহ থেকে স্পষ্ট যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হবে―এ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করে শাবান মাসে সর্বাধিক রোযা রাখতেন। তাই শাবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোযা রাখার চেষ্টা করা কর্তব্য। কিন্তু রোযা রাখবে শাবান মাসের ২৭ তারিখ পর্যন্ত। হাদীসে রমযানের এক-দুই দিন আগে রোযা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। (সহীহ বুখারী, হাদীস ১৯১৪)
শবে বরাতের তাৎপর্য : শবে বরাত নামটি একটি ফার্সি ও একটি আরবি শব্দের সমন্বয়ে গঠিত। ‘শব’ শব্দটি ফার্সি, অর্থ রাত আর ‘বরাআত’ শব্দটি আরবি, অর্থ মুক্তি। দুটি মিলে অর্থ হয় “মুক্তির রাত”। যেহেতু এ রাতে অগণিত মানুষের গুনাহ ক্ষমা করে দেয়া হয় এবং বহু জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়, তাই এ রাতটি শবে বরাত’ বা মুক্তির রাত নামে পরিচিত। হাদীস শরীফে এ রাতটি ‘লাইলাতুন নিসফ মিন শাবান’ (অর্ধ শাবানের রাত তথা ১৪ শাবান দিবাগত রাত) বলে উল্লেখ করা হয়েছে।
সহীহ হাদীস দ্বারা শবে বরাত প্রমাণিত : হাল-যামানায় এক শ্রেণির লোক নিজেদের অতিগবেষণার মাধ্যমে ইসলামের দেড় হাজার বছর ধরে সূত্র পরষ্পপরায় চলে আসা সুপ্রমাণিত অনেক বিষয়কে সর্বসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করে তুলছেন। সেগুলো থেকে একটি হলো শবে বরাত। তারা বলছেন, শবে বরাতের হাদীসগুলো সহীহ নয়। তাই এ রাতে ইবাদত করা বিদআত। অথচ শবে বরাত এবং এই রাতে ইবাদত-বন্দেগী করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত মুয়ায বিন জাবাল রা. থেকে বর্ণিত। রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাতে [শবে বরাতে] আল্লাহ তাআলা তাঁর সমস্ত মাখলুকের প্রতি মনযোগ আরোপ করেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেন। [সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৬৬৫, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৭৫৪, আল মুজামুল আওসাত, হাদীস নং-৬৭৭৬, আল মুজামুল কাবীর, হাদীস নং-২১৫, সুনানে ইবনে মাজা, হাদীস নং-১৩৯০, মুসনাদুশ শামীন, হাদীস নং-২০৩, মুসন্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৪৭৯, শুয়াবুল ঈমান, হাদীস নং-৬২০৪]
মরহুম শায়খ নাসীরুদ্দীন আলবানীর বক্তব্য : উপরোক্ত হাদিসের ব্যাপারে শবে বরাতকে অস্বীকারকারী গায়রে মুকাল্লিদদের ইমাম মরহুম শায়েখ আলবানি বলেন, এই হাদিসটি সহিহ। এটি সাহাবাদের এক জামাত বর্ণনা করেছেন বিভিন্ন সূত্রে, যার একটি অন্যটিকে শক্তিশালী করেছে। বর্ণনাকারী সাহাবীদের মাঝে রয়েছেন , মুয়াজ বিন জাবাল রা.আবু সালাবা রা., আব্দুল্লাহ বিন আমর রা. আবু মুসা আশয়ারী রা. আবু হুরায়রা রা. আবু বকর সিদ্দীক রা.আউফ বিন মালিক রা. আয়েশা রা.প্রমুখ সাহাবাগণ। উপরে বর্ণিত সবকটি বর্ণনাকারীর হাদিস তিনি তার কিতাব সিলসিলাতুল আহাদীসিস সহীহায় এনে সুদীর্ঘ আলোচনার শেষে বলেন, সারকথা এই যে, নিশ্চয় এই হাদিসটি এই সকল সূত্র পরম্পরার দ্বারা সহীহ, এতে কোন সন্দেহ নেই। আর সহীহ হওয়া এর থেকে কম সংখ্যক বর্ণনার দ্বারাও প্রমাণিত হয়ে যায়। যতক্ষণ না মারাত্মক কোন দুর্বলতা থাকে, যেমন এই হাদিসটি হয়েছে। [সিলসিলাতুল আহাদীসিস সহীহা:৩/১৩৫-১৩৮, হাদীস. ১১৪৪]
শায়খ ইবনে তাইমিয়া রাহ. এর বক্তব্য : শায়খ ইবনে তাইমিয়া রাহ.[গায়রে মুকাল্লিদদের নিকট ব্যাপকভাবে সমাদৃত] বলেন, অর্ধ শাবানের রাতের ফযীলত সম্পর্কে বেশ কিছু মারফু’ হাদীস ও আছার বর্ণিত হয়েছে। যার দাবী হচ্ছে, এটা একটি ফযীলতপূর্ণ রাত। অনেক আলেম, বরং অধিকাংশই এ রাত ফযীলতপূর্ণ হওয়ার পক্ষে মত দিয়েছেন। কেননা এ রাত সম্পর্কীয় হাদীসসমূহ একাধিক সূত্রে বিভিন্ন হাদীসগ্রন্থে বর্ণিত হয়েছে। [ইকতিযাউস সিরাতিল মুস্তাকীম পৃ. ২৫৮] তিনি অন্যত্র বলেন, অর্ধ শাবানের রাতের ফযীলত সম্পর্কে বেশ কিছু মারফু হাদীস ও আছার বর্ণিত হয়েছে এবং পূর্ববর্তীদের এক জামাআত এ রাতে সালাত আদায় করতেন। তাই শবে বরাতে কেউ যদি একাকী নামায আদায় করে তাতে দোষের কিছু নেই। কেননা এ ক্ষেত্রে দলীল রয়েছে। কাজেই এমন বিষয়কে অস্বীকার করা যাবে না। [মাজমূউল ফাতাওয়া ২৩/৮১] এ ছাড়াও প্রসিদ্ধ আহলে হাদীস আলেম মাওলানা আব্দুর রহমান ও উবায়দুল্লাহ মুবারকপুরী উভয়ে বলেন, শবে বরাত সম্পর্কীয় হাদীসসমূহ সমষ্ঠিগতভাবে ঐ ব্যক্তির বিরুদ্ধে দলীল, যে মনে করে শরীয়তে শবে বরাতের কোন ভিত্তি নেই। [তুহফাতুল আহওয়াযী ৩/৪৪২ ও মিরআতুল মাফাতীহ ৪/৩২৫]
শবে বরাত অন্যান্য রাত থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ : কেউ কেউ উপর্যুক্ত হাদীসসমূহ মেনে নেন, তবে ভিন্ন আঙ্গিকে শবে বরাতের ফযীলতকে অস্বীকারের অপপ্রয়াস চালান। আর তা এভাবে যে, এ রাতের ফযীলত অন্যান্য রাতের চেয়ে ব্যতিক্রম নয়। কেননা এ রাতে যেভাবে আল্লাহ পাক নিচের আসমানে আসেন এবং বহু সংখ্যক বান্দাকে ক্ষমা করেন, তেমনিভাবে প্রতি রাতের শেষভাগেও তিনি দুনিয়ার আসমানে এসে অনেক বান্দাকে ক্ষমা করেন, যা বিশুদ্ধ ও প্রসিদ্ধ হাদীসে এসেছে। কাজেই এ রাতকে বছরের অন্যান্য রাত থেকে বিশেষভাবে ফযীলতপূর্ণ মনে করার কোন যৌক্তিকতা নেই! এ প্রসঙ্গে সঠিক কথা হল, যদিও অগভীর চিন্তার কারণে বাহ্যিকভাবে মনে হয় এ রাত এবং বছরের অন্য রাতের মাঝে তেমন কোন ফরক নেই। কিন্তু হাদীস বিশারদদের ব্যাখ্যা-বিশ্লেষণ থেকে এ রাতের আরো বৈশিষ্ট্য জানা যায়। যেমন হাফেজ ইরাকী রাহ. (মৃ. ৮০৬ হি.) বলেন, বছরের প্রতি রাতে আল্লাহ পাক অবতরণ করলেও ভিন্ন দু’টি কারণে অর্ধ শাবানের রাতটি অন্যান্য রাত থেকে বৈশিষ্ট্যম-িত। এক. অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন, যা অন্যান্য রাতে হয় না। দুই. এ রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অবতরণ করেন, যা অন্যান্য রাতে রাত্রির শেষাংশে বা তৃতীয়াংশে হয়। (ফয়যুল কাদীর, মুনাবী ২/৩১৭) এভাবে মোল্লা আলী কারী রাহ. (মৃ. ১০১৪ হি.) বলেন, হাদীসের ভাষ্য থেকে এ কথা প্রকাশ পায় যে, এ রাতে আল্লাহ পাক নিচের আসমানে অবতীর্ণ হওয়াটা অন্যান্য রাত থেকে ভিন্ন। কেননা অন্যান্য রাতে অবতীর্ণ হওয়াটা রাতের তৃতীয়াংশে হয়। আর এখানে পুরো রাত জুড়েই হয়। ফলে এর মাধ্যমে রাতটি অন্যান্য রাত থেকে বৈশিষ্ট্যপূর্ণ হয়। (মিরকাতুল মাফাতীহ ৩/৩৭৫)
শবে বরাতের আমল ও করণীয় :
নামায : হযরত আয়েশা রা. বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাযে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে,আমার ধারণা হল তিনি মৃত্যুবরণ করেছেন। আমি উঠে তাঁর বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তাঁর বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামায শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা অথবা বলেছেন, হে হুমাইরা! তোমার কি এই আশংকা হয়েছে যে, আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম- না, ইয়া রাসূলুল্লাহ! আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশংকা হয়েছিল, আপনি ইনতিকাল করেছেন কিনা। নবীজী জিজ্ঞেস করলেন, তুমি কি জান এটা কোন রাত? আমি বললাম- আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন- এটা হল শবে বরাত। আল্লাহ তাআলা এ রাতে তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন; ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। ইমাম বাইহাকী রাহ. এই হাদীসটি বর্ণনার পর এর সনদের ব্যাপারে বলেছেন-হাদীসটি মুরসাল তবে তার সনদ সেরা ও উৎকৃষ্ঠ মানের। [শু’আবুল ঈমান, হাদিস: ৩৫৫৪, ৩/৩৮২-৩৮৩] এই হাদীস দ্বারা প্রমাণিত হয়, এ রাতে দীর্ঘ নফল নামায পড়া, যাতে সেজদাও দীর্ঘ হবে শরীয়তের দৃষ্টিতে কাম্য। তবে মনে রাখতে হবে, কতিপয় অনির্ভরযোগ্য বই-পুস্তকে ‘শবে বরাতের নামায’ এর নামে যে নির্দিষ্ট নিয়ম-কানুন লেখা আছে। অর্থাৎ এত রাকাআত হতে হবে, প্রতি রাকাআতে সূরা ইখলাস বা এই এই সূরা এতবার পড়তে হবে এগুলো ঠিক নয়। হাদীস শরীফে এসব নেই। এ সংক্রান্ত যে সমস্ত বর্ণনা রয়েছে, সেগুলোকে মুহাদ্দিসগণ জাল ও বানোয়াট বলেছেন। কাজেই এগুলো মানুষের মনগড়া পন্থা। সঠিক পদ্ধতি হল, নফল নামাযের সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাকাআত করে যত রাকাআত সম্ভব হয় এবং যেই সূরা দিয়ে সম্ভব হয় পড়তে থাকা। চার মাযহাবের একাধিক গ্রন্থসমূহে রয়েছে, শবে বরাতে রাত্রি জাগরণ করে ইবাদত করা মুস্তাহাব। (ফাতাওয়ায়ে শামী ২/৪৬৯)
কবর যিয়ারত : আয়েশা রা. থেকে বর্ণিত হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে জান্নাতুল বাকী নামক কবরস্থানে তাশরীফ নিয়ে গেছেন। [তিরমিযী, হাদিস ৭৩৯; মুসনাদে আহমাদ, হাদিস: ২৬০১৮ ] আর এটি ছিল তাঁর হুজরা মুবারকের নিকটবর্তী। এ থেকে প্রতীয়মান হয়, মুসলমানদের জন্য এ রাতের আরেকটি আমল হল, প্রত্যেকে নিজ নিজ নিকটবর্তী কবরস্থানে গিয়ে যিয়ারত করা এবং কবরবাসীদের জন্য দু’আ করা। তবে প্রতি শবে বরাতে নিয়মিত কবরস্থানে যাওয়া সুন্নাত নয়, যদিও তা জায়েয। তবে মাঝে মাঝে যাওয়া সুন্নাত। কেননা হাদীসের সুবিশাল ভা-ার থেকে তাঁর জীবনে এ রাতে একবারই কবরস্থানে যাওয়া প্রমাণিত। এটাকে সর্বদা করেছেন এমন কোন প্রমাণ নেই। এভাবে সাহাবায়ে কেরাম থেকেও এটাকে সব সময় করারও প্রমাণ পাওয়া যায় না। [আকাবিরে দেওবন্দ কেয়া থে? তাকী ওসমানী দা. বা. পৃ. ১৫-১৬] (চলবে)
লেখক : সিনিয়র মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম, তালতলা মোমেনশাহী
ধর্ম | ৪ ফেব্রুয়ারি ২০২৬
শাবান ও শবে বরাত: তাৎপর্য, গুরুত্ব ও আমল























