বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার উপহারে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মিষ্টি উৎসব
- প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬। ৭:৪৭:৪৭ এএম
বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উপহারে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ উৎসবে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম অন্তু, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলাম অর্ক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহম্মদ উল্লাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মইনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ও শিল্পোদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। শিক্ষার্থীদের ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ তাদের ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও সুগম করবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মিষ্টি উৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
জাতীয় | ১১ আগস্ট ২০২৬
বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার উপহারে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মিষ্টি উৎসব























