বদলীর আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবী
মানিকগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানের বদলী প্রত্যাহার করে পুর্নবহালের দাবী কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসী
- প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬। ১২:০১:১৮ পিএম
মানিকগঞ্জ পৌরসভায় সাম্প্রতিক এক প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হলেও, একই আদেশে নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানের বদলি পৌরসভার অভ্যন্তরে বিস্ময় ও অসন্তোষের জন্ম দিয়েছে।
জানা গেছে, দুইজন ঠিকাদার পৌরসভার প্রশাসকের কাছে শাহাদৎ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে বদলি করা হয়। তবে একইসঙ্গে নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানকেও বদলির আদেশ দেওয়ায় বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মচারীর মতে, “এটি একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর মতো ঘটনা।” তাদের দাবি, বজলুর রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে বদলি করা একটি অস্বচ্ছ ও অযৌক্তিক সিদ্ধান্ত।
বদলির আদেশে বিব্রতকর অবস্থায় পড়েছেন বজলুর রহমান নিজেও। তিনি দাবি করেছেন, “ঠিক কী অভিযোগে আমাকে বদলি করা হলো, তা আমি নিজেও জানি না।” তার এই বক্তব্য প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে।পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বজলুর রহমানকে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তার বদলির আদেশ বাতিল এবং পুনর্বহালের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পৌরসভার কর নির্ধারক আলী আকবর রাজা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করছি। তিনি সবসময় নিয়ম-শৃঙ্খলা মেনে কাজ করেছেন এবং আমাদেরও সেভাবেই পরিচালিত করেছেন। এমন একজন কর্মকর্তাকে হঠাৎ সরিয়ে নেওয়া আমাদের জন্য হতাশাজনক। বদলির আদেশ বাতিল এবং পুনর্বহাল করা হোক।
পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক ফারুক হোসেন লিটন বলেন, “একজন সৎ কর্মকর্তাকে এভাবে বদলি করা হলে অন্যদের মাঝেও হতাশা তৈরি হয়। বজলুর রহমান স্যার দায়িত্ব পালনকালে পৌরসভার উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বদলি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করতে পারে। তারা অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের দাবি জানান।
পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক নিরঞ্জন কুমার সাহা বলেন, বর্তমান সময়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ মাঝপথে রয়েছে। এ অবস্থায় অভিজ্ঞ কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হলে কাজের গতি ব্যাহত হবে।
পৌর প্রশাসকের সহকারী মো: সাইফুর রহমান বলেন, বজলুর রহমানের নেতৃত্বে পৌরসেবার মান উন্নত হয়েছে এবং নাগরিক সেবায় স্বচ্ছতা এসেছে। “আমরা আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবে।”
পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মীর মো: জসীম উদ্দিন বলেন, “বজলুর রহমানের মতো নিষ্ঠাবান কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।”
বর্তমানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পুনর্মূল্যায়ন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
পৌরসভার ১নং ওয়ার্ডের নারী বাসিন্দা নুসরাত জাহান বলেন, বজলুর রহমানের সময়ে আমরা ভালো সেবা পেয়েছি। নাগরিক সমস্যার দ্রুত সমাধান হয়েছে। আমরা তার পুনর্বহাল চাই।”
সর্বশেষ | ২৪ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানের বদলী প্রত্যাহার করে পুর্নবহালের দাবী কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসী





















