দৌলতপুরে নারী ও শিশুকে হত্যা, আহত স্বামী হাসপাতালে
- প্রকাশিত : রবিবার, ৩১ মে ২০২৬। ৩:৫৯:৫০ এএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা বাজার এলাকার কাপড় ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা বেগম (৩০) ও তাদের দুই বছর বয়সী শিশু সন্তান আসলামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনার দেবর ইউসুফ আলী (৪০) জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় কাপড় ব্যবসায়ী ছালামও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে গেছে বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তবে ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অপরাধ | ৩১ মে ২০২৬
দৌলতপুরে নারী ও শিশুকে হত্যা, আহত স্বামী হাসপাতালে




















