ওএমএসের চাল-আটা বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না’
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬। ৩:৫৬:০৭ পিএম
খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির কার্যক্রম (ওএমএস) সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
তিনি বলেন, ‘ওএমএসের চাল ও আটা বিতরণে নির্ধারিত নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সরকারি খাদ্যশস্য বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।’
আজ (বৃহস্পতিবার) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওএমএস কমিটির সদস্য, ডিলার ও সুবিধাভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আরও বলেন, ‘ওএমএস কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সরকারি সহায়তা যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। খাদ্যশস্য বিতরণের প্রতিটি পর্যায়ে নিয়মনীতি মেনে চলার পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষের জন্য সরকারের খাদ্যসহায়তা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে ডিলারদের আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা, ডিলার ও সুবিধাভোগীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশিক মাহমুদসহ ওএমএস ডিলাগণ।
বক্তারা ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা ওএমএস কমিটির সদস্য, ডিলার, সুবিধাভোগী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সারাদেশ | ২৯ অক্টোবর ২০২৬
ওএমএসের চাল-আটা বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না’























