মানিকগঞ্জ পৌর হাকার্স মাকের্টেরঅবৈধভাবে উচ্ছেদ হওয়া ২২৯টি দোকানের হকারকে পুনর্বাসনের দাবি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
- প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। ২:০৭:০৭ পিএম
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ হওয়া পৌর হকার্স মার্কেটের ২২৯ ব্যবসায়ীকে পুনরায় পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও ছিন্নমুল হকাররা। এ দাবিতে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জেলা প্রশাসক নাজমুন আর সুলতানার কাছে স্মারকলিপি দিয়েছেন পৌর হকার্স মার্কেট কল্যাণ সমিতির নেতারা।
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও উচ্ছেদের পর তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই জরুরি ভিত্তিতে তাদের আগের জায়গায় অথবা বাসস্ট্যান্ড এলাকায় উপযুক্ত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।
হকার্স মার্কেট কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, স্থানীয় হকারদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে তৎকালীন জেলা প্রশাসনের উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় হকারদের জন্য একটি মার্কেট গড়ে তোলা হয়। পরে মানিকগঞ্জ পৌরসভা ব্যবসায়ীদের কাছ থেকে জামানত নিয়ে জায়গাটি ভরাট করে দোকান পরিচালনার ব্যবস্থা করে। ব্যবসায়ীরা নিয়মিত পৌরসভাকে ভাড়া পরিশোধ করে সেখানে ব্যবসা পরিচালনা করতেন।
তবে ২০১৯ সালে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ অভিযানে মার্কেটের ২২৯টি দোকান উচ্ছেদ করা হয় বলে দাবি ব্যবসায়ীদের। তাদের অভিযোগ,কোনো ধরনের নোটিশ না দিয়েই আকস্মিকভাবে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল। এরপর থেকে এসব ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে আর্থিক দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
ব্যবসায়ীরা বলেন, তারা কেউ বড় ব্যবসায়ী নন। দীর্ঘদিন ধরে ছোট পরিসরে ব্যবসা করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। মার্কেট উচ্ছেদের পর অনেকেই পুঁজি হারিয়েছেন, আবার কেউ কেউ ধার-দেনা করে অন্যত্র ব্যবসা শুরু করার চেষ্টা করেও টিকে থাকতে পারেননি।
পৌর হকার্স মার্কেট কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন,“২০০৭ সালে প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় আমরা এখানে ব্যবসা শুরু করেছিলাম। নিয়মিত ভাড়াও দিয়েছি। হঠাৎ উচ্ছেদের পর থেকে শত শত ব্যবসায়ী মানবেতর জীবনযাপন করছেন। আমরা সরকারের কাছে পুনরায় আমাদের পুনর্বাসনের দাবি জানিয়েছি।”
পৌর হকার্স মার্কেট কল্যান সমিতির নেতা আরিফুল ইসলাম বলেন, “এই ব্যবসার ওপরই আমাদের পরিবারের জীবিকা নির্ভর করত। দোকান হারানোর পর অনেকেই বেকার হয়ে পড়েছেন। আমরা সরকারের কাছে কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু ব্যবসা করার একটি জায়গা চাই।”
আরেক ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছি। বাসস্ট্যান্ড এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হলে আমরা আবার নিজেদের পায়ে দাঁড়াতে পারব।”
পৌর হকার্স মার্কেট কল্যান সমিতির সদস্য সচিব ছাকেদ আলী বলেন, সম্প্রতিকালে দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উচ্ছেদকৃত ছিন্নমূল হকার ও ভাসমান ব্যবসায়ীদের পুন:বার্সনের এক মহান ও জনদরদী যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। তিনি দেশের প্রতিটি জেলায় উচ্ছেদকৃত হকার ও ভাসমান ব্যবসায়ীদের পূন:বার্সনের প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়ে কায্যকরী প্রদেক্ষেপ নিচ্ছেন। যা আমাদের বেঁচে থাকার স্বপ্নকে নতুন করে আশান্বিত করেছে। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে একদিকে যেমন শত শত পরিবারের জীবিকার সংকট দূর হবে, অন্যদিকে বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত ও সড়ক দখল করে অনিয়ন্ত্রিতভাবে ব্যবসা করার প্রবণতাও কমবে।
তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ২২৯টি দোকানের ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
সারাদেশ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জ পৌর হাকার্স মাকের্টেরঅবৈধভাবে উচ্ছেদ হওয়া ২২৯টি দোকানের হকারকে পুনর্বাসনের দাবি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ






















