মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ
- প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬। ৩:৫৫:৪৯ এএম
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সিংজুরী ইউনিয়নের নকিববাড়ী এলাকায় কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ঘিওরের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল থেকে আসা মোট ১০টি সুসজ্জিত বাইচের নৌকা অংশ নেয়। ঢোলের তাল ও মাঝিদের হাঁক-ডাকের সঙ্গে তাল মিলিয়ে একে অপরের আগে যাওয়ার প্রাণপণ লড়াইয়ে নেমে পড়েন মাঝিমাল্লারা। নদীর দুই পারের দর্শকের টানা করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
নৌকাবাইচকে কেন্দ্র করে সকাল থেকেই কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল নামে। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সের মানুষের উপস্থিতিতে নদীর তীর পরিণত হয় এক বিশাল মিলনমেলায়। বাড়িগুলোর ছাদ, গাছের ডাল, এমনকি ছোট ছোট ট্রলার ও ডিঙ্গি নৌকায় চড়ে এ আনন্দমুখর প্রতিযোগিতা উপভোগ করেন।
পাঁচটি ধাপে অনুষ্ঠিত দীর্ঘ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নাগরপুরের ‘মা-বাবার দোয়া’ নৌকা প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে রানার্সআপ হয় ‘আলিফ এক্সপ্রেস’।
প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠু। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১ম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং পরবর্তী বিজয়ী দলগুলোকে ৩টি ৩২ ইঞ্চি রঙিন টিভিসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
নকিববাড়ী, বৈকুণ্ঠপুর, বিলনালাই,পূর্ব কুমুলী এলাকার সর্বস্তরের মানুষের যৌথ উদ্যোগে আয়োজিত এই লোকজ উৎসবের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের মিয়া। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এই আয়োজন সম্পর্কে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, নৌকাবাইচ কেবল একটি বিনোদন বা প্রতিযোগিতা নয়; এটি গ্রামবাংলার শতবছরের কৃষ্টি, কালচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতি বছর এমন আয়োজন হলে নতুন প্রজন্ম নিজেদের লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং মানুষের পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
সারাদেশ | ২১ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ






















