ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের উদ্যোগে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
- প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬। ১১:০৬:০৬ এএম
‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হই, নিরাপদ থাকি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আব্দুল করিম।
র্যালিটি গিলন্ড মুন্নু সিটির বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল হক, বায়োকমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. বজলুল করিম চৌধুরী, প্যাথলজি বিভাগের প্রধান, অধ্যাপক ডা. এ এস এম মাহমুদুল হাসানসহ অন্যান্যরা ।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
সারাদেশ | ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের উদ্যোগে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান






















