মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল নিখোঁজ, সন্ধান চায় পরিবার…
- প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬। ৪:৫৭:৪৯ পিএম
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ছেলেকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আরিফুল ইসলামের (১৬) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
আরিফুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া এলাকার মো. শামসুল হকের ছেলে।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, গত ২৫ আগস্ট বিকেলে রেজিস্ট্রেশনের ফরম জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আরিফুল। এরপর সে আর বাড়িতে ফেরেনি। স্বজনেরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, ছোটবেলা থেকেই আরিফুল অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
প্রতিবেশী মরিয়ম আক্তার বলেন, ‘আরিফুল খুবই নম্র ও ভদ্র স্বভাবের ছেলে। পরিবারের সঙ্গে তার কখনো ঝগড়াঝাঁটি হয়নি। কী কারণে সে এভাবে নিখোঁজ হয়েছে, তা বলতে পারছি না।’
আরিফুলের বাবা মো. শামসুল হক বলেন, ‘আমার ছেলে ১৩ দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আমি আমার ছেলের সন্ধান চাই।’
ছেলের সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারটি। পরিবারের সদস্যরা জানান, আরিফুলের সন্ধান পেতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরিফুলের সন্ধান পেলে বা কোথাও দেখে থাকলে নিচের দেওয়া এই নম্বরে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৮৮৭২১১০৫
সারাদেশ | ৭ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল নিখোঁজ, সন্ধান চায় পরিবার…






















