সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর প্রতিষ্ঠিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসিতে ঈর্ষণীয় সাফল্য
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬। ১১:৩২:১১ এএম
মানিকগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর প্রতিষ্ঠিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ৭৯ জন নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া একজন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৭৯ জন নিয়মিত ও একজন অনিয়মিত শিক্ষার্থী অংশগ্রহণ করে। নিয়মিত ৭৯ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এদের মধ্যে ৩ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) জহিরুল ইসলাম বলেন, ‘সবকিছু মিলিয়ে এবার আমাদের প্রতিষ্ঠানের এসএসসির ফলাফল বেশ ভালো হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী জিপিএ-৫-এর কাছাকাছি ফলাফল করেছে। আমরা আশা করছি, আগামী বছর এর চেয়েও ভালো ফলাফল করবে আমাদের শিক্ষার্থীরা।’
তিনি আরও বলেন, ‘মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের দিকেই নয়, সামগ্রিক উন্নয়নের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে থাকি।’
প্রতিষ্ঠানটির এমন ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।
শিক্ষা | ১৩ আগস্ট ২০২৬
সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর প্রতিষ্ঠিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসিতে ঈর্ষণীয় সাফল্য

























