মানিকগঞ্জে গাঁজা গাছসহ আইনজীবী আটক
- প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই ২০২৬। ৪:৪৪:০৪ এএম
মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পেছন থেকে একটি বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনজীবী তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তৌহিদুর রহমান বাবু পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকেলে আইনজীবী তৌহিদুর রহমান বাবুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তৌহিদুর রহমান বাবুর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযোগ রয়েছে, এর আগে স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন তৌহিদুর রহমান বাবু।
পুলিশের ভাষ্য, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ রোপণের কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাঁজা গাচটির ওজন প্রায় সাত কেজি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “গাঁজা গাছসহ এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সারাদেশ | ১০ জুলাই ২০২৬
মানিকগঞ্জে গাঁজা গাছসহ আইনজীবী আটক
























