জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব ও গানের আসর
- প্রকাশিত : শনিবার, ২০ জুন ২০২৬। ৪:৫৬:৫৫ এএম
গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব ও গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রেসক্লাবের ম্যানেজিং কমিটি এই আয়োজন করে। উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ স¤পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী। রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্ববোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ।
প্রায় ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এই উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেসক্লাবের থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে। ফল উৎসবে দেশি ফলের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু ,লিচু, কাঠলিচু, হাঁড়িভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, আমলকি, আমড়া, মাখনা, তালের শাঁস, কাঠ বাদাম, দেশি খেজুর ইত্যাদি। গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সঙ্গিত উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। উৎসবে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
বিনোদন | ২০ জুন ২০২৬
জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব ও গানের আসর
























