মানিকগঞ্জ লিগ্যাল এইড কর্তৃক ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রকাশিত : বুধবার, ১৭ জুন ২০২৬। ২:০৫:৪৯ পিএম
ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি ও জনগণের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জে ‘বিরোধ থেকে সমাধানের পথে আইনগত সহায়তা প্রদান আইন, ২০২৬ এবং ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিস এ সেমিনারের আয়োজন করে।
এতে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।
সেমিনারের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এসকে. এম. তোফায়েল হাসান।
সেমিনারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তাসিম বিল্লাহ ইউনিয়ন পর্যায়ে আইনি সহায়তা পৌঁছানোর চ্যালেঞ্জ ও শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা’ বিষয়ে আলোচনা করেন।
পরে যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ ফাহদ-বিন-আমিন চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্য প্রয়োজনীয় আইনগত জ্ঞান, আইনগত সহায়তা প্রদানে প্রাথমিক করণীয় ও দায়িত্ব বিষয়ে বক্তব্য দেন।
চীফ লিগ্যাল এইড অফিসার দুররাখসা জাহান প্রিয়াংকা আইনগত সহায়তা প্রদান আইন ২০২৬-এর ব্যবহারিক দিক এবং জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও শান্তি পূর্ণভাবে নিষ্পত্তি করা গেলে আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
পরে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে. এম. তোফায়েল হাসানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।
সারাদেশ | ১৭ জুন ২০২৬
মানিকগঞ্জ লিগ্যাল এইড কর্তৃক ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত




















