মানিকগঞ্জে স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন
- প্রকাশিত : বুধবার, ২৭ মে ২০২৬। ৫:১০:০৮ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের কালিবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামাল আহমেদ কমল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মোশারফ হোসেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জোগায়।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুল সংগীত ও বিভিন্ন গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহানাজ পলি, নিকুঞ্জ মিত্র, মিম বাউল, শামিম বিশ্বাস, সাইদা রহমান, বসির উদ্দিন, নাছরিন আহমেদ, বেলা বেগম, আইভি আহমেদ ও খবির আহমেদ সৈকত।
বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন তবলায় প্রতুল রায়, শ্যামল কর্মকার ও বজলুল রহমান এবং মন্দিরায় সিবেন বাবু।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সারাদেশ | ২৭ মে ২০২৬
মানিকগঞ্জে স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন
























