আট মাসের অন্তঃসত্ত্বা সম্পাদকের স্ত্রীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারন
মানিকগঞ্জে আমার নিউজ পত্রিকা অফিসে মব হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী ছাত্রদল নেতা
- প্রকাশিত : বুধবার, ১৩ মে ২০২৬। ২:০১:২১ পিএম
স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে বহুল প্রচারিত স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকা অফিসে মব সৃষ্টি করে হামলা, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পত্রিকাটির সম্পাদক মো. আকরাম হোসেনের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিনকে হত্যার চেষ্টায় নির্যাতন, ভিডিও ধারণ এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক নব্য ঘোষিত জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তালহা যোবায়ের অনু’র বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের শহীদ রফিক সড়কের ৪১,কলিমস টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক আমার নিউজ পত্রিকা অফিসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, ২৫ থেকে ৩০ জনের স্কুল ও কলেজ পড়ুয়া একদল দুস্কৃতিকারী যুবক আকস্মিকভাবে অফিসে ঢুকে ভয়ভীতি সৃষ্টি করে। এ সময় অফিসে অবস্থান করছিলেন সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেনের স্ত্রী ও পত্রিকাটির নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন। তিনি জানান, দরজা খুলতেই একদল যুবক তাকে ঘিরে ফেলে এবং মব সৃষ্টি করে হৈচৈ করে এবং গলায় চাকু ধরে জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে আপত্তিকর ভিডিও করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্যাতন করতে থাকে। পরে ঐ ভবনের ৩য় তলা ফ্লাটের মালিক ও জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদের হস্তক্ষেপে ঐ ছাত্রদল নেতা তালহা যোবায়ের অনুর মবকারীদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কয়েক মিনিট পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আগে।
অনুসন্ধানে জানা গেছে, মব সৃষ্টিকারী আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন সম্পাদক আকরাম হোসেন।
ঘটনার দিন উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনের এক ফটোকপি দোকানদার মো. সাব্বির হোসেন। মব সৃষ্টিকারীদের একজন সেসময় এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বলে তিনিও নিশ্চিত করেন । তিনি বলেন, “এভাবে কারও অফিসে গিয়ে মব সৃষ্টি করাটা ঠিক হয়নি। কোনো অভিযোগ থাকলে থানায় যাওয়াই ভালো ছিল।”
এছাড়া পত্রিকা অফিসের নিচতলায় থাকা জুতার দোকানদার রনি জানান, “২০ থেকে ২৫ জন ছেলে আমাকে উপরে ডেকে নেয়। তারা বলছিল অফিসে অনৈতিক কাজ হচ্ছে। কিন্তু আমি সেখানে তেমন কিছু দেখিনি। পরে তারা ভিডিও ধারণ করতে থাকে এবং দুই লক্ষ্য টাকা দাবি করার বিষয়টি আমিও শুনেছি। পরে বাড়ির মালিক এসে সবাইকে চলে যেতে বলে।”
এদিকে ঘটনাটি নিয়ে মানিকগঞ্জের সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, একটি সংবাদপত্র অফিসে এভাবে হামলা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী এডভোকেট ফরিদা ইয়াসমিন বলেন, “টাকা দিতে অস্বীকার করলে তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি গুরুতর আহত হয়ে পড়ি। পরে কৌশলে আমার স্বামীকে ফোনে জানাই যে অফিসে অনেকগুলো ছেলে গালিগালাজ ও ভিডিও করছে, দ্রুত পুলিশ পাঠাতে।”
তিনি আরও বলেন, ”পরে প্রতিবেশী জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পুলিশ আসছে শুনে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ ব্যাপারে দৈনিক আমার নিউজের সম্পাদক মো. আকরাম হোসেন বলেন, “শান্তিপ্রিয় মানিকগঞ্জে পত্রিকা অফিসে ঢুকে এভাবে মব সৃষ্টি করে চাঁদাবাজির ঘটনা আগে কখনও ঘটেনি। আমার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির ঘটনায় প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। পরদিন ফিরে এসে অফিসে ঢুকে দেখতে পান আলমারির ড্রয়ারে থাকা প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা, দুটি ডিএসএলআর ক্যামেরা, স্বর্ণের কানের দুল, গলার চেইন, দুটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এব্যাপারে আমার সাংবাদিক নেতাদের পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় তিনি মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্তর দৃষ্টি আকর্ষণ করেন।
সারাদেশ | ১৩ মে ২০২৬
মানিকগঞ্জে আমার নিউজ পত্রিকা অফিসে মব হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী ছাত্রদল নেতা
























