মানিকগঞ্জে শতবর্ষী চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর আবেদন
- প্রকাশিত : সোমবার, ৯ মার্চ ২০২৬। ৯:৫০:৫৯ এএম
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকায় প্রায় শতবর্ষ ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। রাস্তার প্রতিবন্ধকতা দূর করতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিমাপ করে পিলার বসানোর পর তা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন এলাকাবাসী।
রবিবার (৯ মার্চ) দুপুরে পশ্চিম সেওতা এলাকার বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের রাস্তার উপর প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে চলতি মাসের ৪ মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে সরেজমিনে পরিমাপ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সরকারি সার্ভেয়ার, উভয় পক্ষের সার্ভেয়ার, পৌরসভার সার্ভেয়ার, স্থানীয় সাবেক কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় রাস্তার দুই পাশের বসতবাড়ির জমি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৮ ফুট জায়গার মধ্যে রাস্তার পরিমাপ নির্ধারণ করা হয় এবং সর্বসম্মতিক্রমে উপস্থিত সকলের স্বাক্ষরের মাধ্যমে স্থায়ীভাবে সিমেন্টের পিলার বসানো হয়।
তবে অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালক মো. আক্তার হোসেন ও তার বড় ভাই গোলাম আজম প্রাথমিকভাবে সিদ্ধান্ত মেনে নিলেও প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই তারা সন্ত্রাসী কায়দায় রাস্তার পরিমাপের সিমেন্টের খুঁটি জোরপূর্বক উপড়ে ফেলেন।
এলাকাবাসীর দাবি, এর ফলে রাস্তা পুনরায় অরক্ষিত হয়ে পড়ে এবং তারা ওই রাস্তা দিয়ে চলাচল করতে না দেওয়ার হুমকি দিয়ে স্থানীয়দের সঙ্গে মারমুখী আচরণ করেন।
আবেদনে আরও বলা হয়, অতীতেও আক্তাররা এলাকাবাসীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন এবং নতুন করে মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালক হিসেবে সরকারি চাকরিতে থাকায় তিনি প্রভাব খাটিয়ে এলাকাবাসীর মতামত উপেক্ষা করছেন বলেও অভিযোগ করা হয়।
মানিকগঞ্জ পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম আজম ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তার গাড়ী চালক আক্তার হোসেন প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সিদ্ধান্ত অমান্য করে যাচ্ছে। রাস্তার তিনটি পক্ষের মধ্যে দুইটি পক্ষ মেনে নিলেও এই আজমরা এটা মানছে না।
এলাকাবাসী জানান, এসব কারণে পশ্চিম সেওতা মেইন রাস্তা থেকে আক্তারদের বাড়ির মধ্য দিয়ে নূরে মদিনা জামে মসজিদ পর্যন্ত চলাচলের রাস্তার সংস্কার কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে পূর্ব নির্ধারিত রাস্তার পরিমাপের খুঁটি পুনর্বহাল ও সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এব্যাপারে গোলাম আজম বলেন, আমার জমি ঠিক আছে। পাশে অতিরিক্ত জমি জোর করে দখল করে রাখছে ওরা। ঠিক মত জমি মাপে নাই। পয়সা খেয়ে তারা এই ভাবে জমি মাপছে। সার্ভেয়ার আর এলাকার মাদবররা এই কাজ করছে।
অপরাধ | ৯ মার্চ ২০২৬
মানিকগঞ্জে শতবর্ষী চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর আবেদন





















