নোবেল স্যাভেজ
সভ্যতার আত্মপ্রতারণা ও মানবিকতার মুখোমুখি দাঁড়ানো প্রশ্ন
- প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬। ১০:১৬:১২ এএম
সভ্যতা শব্দটি উচ্চারিত হলেই আমাদের চোখে ভেসে ওঠে উন্নয়ন, প্রযুক্তি, আইন-কানুন ও শৃঙ্খলার ছবি। অথচ সাহিত্যের ইতিহাস বারবার প্রশ্ন তুলেছে এই সভ্যতা কি সত্যিই মানুষকে মানবিক করেছে? নাকি সভ্যতার মোড়কে ঢেকে গেছে লোভ, ক্ষমতা ও নিষ্ঠুরতার চেহারা? এই প্রশ্নের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক ধারণা—নোবেল স্যাভেজ (ঘড়নষব ঝধাধমব)। নোবেল স্যাভেজ ধারণা অনুযায়ী, তথাকথিত সভ্য সমাজের বাইরে বসবাসকারী মানুষ যাদের ‘অসভ্য’, ‘বর্বর’ বা ‘প্রাক-সভ্য’ বলে চিহ্নিত করা হয় যে তারা প্রকৃতিগতভাবে অনেক বেশি নৈতিক, সহজ ও মানবিক। সভ্যতার কৃত্রিম নিয়ম, রাজনৈতিক কূটচাল ও অর্থনৈতিক লোভ মানুষকে যতটা বিকৃত করে, প্রকৃতির কাছাকাছি জীবনযাপনকারী মানুষ ততটাই স্বাভাবিক ও সত্যনিষ্ঠ থাকে এই বিশ্বাস থেকেই নোবেল স্যাভেজ ধারণার জন্ম। এই চিন্তার দার্শনিক ভিত্তি গড়ে ওঠে এনলাইটেনমেন্ট যুগে। বিশেষত ফরাসি দার্শনিক জ্যাঁ-জাক রুশো-র লেখনীতে। রুশো দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, মানুষ জন্মগতভাবে ভালো; সমাজ ও সভ্যতাই তাকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। তাঁর মতে, আইন, সম্পত্তি ও ক্ষমতার কাঠামো মানুষের স্বাভাবিক স্বাধীনতা ও নৈতিকতাকে গ্রাস করে।
ফলে যে মানুষ প্রকৃতির সঙ্গে সখ্য রেখে জীবনযাপন করে সে তুলনামূলকভাবে বেশি স্বাধীন ও মানবিক। সাহিত্যে নোবেল স্যাভেজ ধারণা কেবল দার্শনিক তত্ত্ব হিসেবেই নয়, চরিত্র নির্মাণের শক্তিশালী কৌশল হিসেবেও ব্যবহৃত হয়েছে। এই চরিত্রগুলো সাধারণত সরল জীবনযাপনকারী, সত্যবাদী, আত্মমর্যাদাসম্পন্ন এবং স্বাধীনচেতা। তারা সভ্য সমাজের জটিল নিয়ম-কানুনের বাইরে থেকেও এক ধরনের স্বাভাবিক ন্যায়বোধে পরিচালিত হয়। তাদের জীবনযাপনে বিলাস নেই কিন্তু আছে সম্পর্কের আন্তরিকতা ও নৈতিক দৃঢ়তা। এই ধারণার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক উদাহরণ পাওয়া যায় আফ্রা বেনের (ঙৎড়ড়হড়শড়) উপন্যাসে। ওরুনোকো একজন আফ্রিকান রাজপুত্র।ইউরোপীয় উপনিবেশবাদীদের চোখে যিনি ‘অসভ্য’। অথচ চরিত্রে তিনি সাহসী, প্রেমে বিশ্বস্ত, প্রতিশ্রুতিবদ্ধ এবং গভীর মানবিক গুণাবলিসম্পন্ন। অন্যদিকে, ইউরোপীয় তথাকথিত সভ্য মানুষরা তাকে প্রতারণার মাধ্যমে দাসে পরিণত করে। দাসপ্রথা, বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুর শাসনের মধ্য দিয়ে উপন্যাসটি দেখায়—কে আসলে সভ্য আর কে বর্বর। এখানে ওরুনোকো নিঃসন্দেহে এক নোবেল স্যাভেজ চরিত্র যার নৈতিক উচ্চতা সভ্যতার ভ-ামিকে নগ্ন করে দেয়। একই ধরনের চিত্র দেখা যায় ড্যানিয়েল ডিফোর (জড়নরহংড়হ ঈৎঁংড়ব) উপন্যাসে ‘ফ্রাইডে’ চরিত্রে। ইউরোপীয় দৃষ্টিতে ফ্রাইডে একজন অসভ্য আদিবাসী। কিন্তু তার সরলতা, আনুগত্য, কৃতজ্ঞতা ও মানবিক আচরণ ক্রুসোর আত্মকেন্দ্রিক ও কর্তৃত্বপরায়ণ মানসিকতার পাশে দাঁড়িয়ে নতুন প্রশ্ন তোলে। কে বেশি মানবিক সভ্য ইউরোপীয় না প্রকৃতির সন্তান ফ্রাইডে? নোবেল স্যাভেজ ধারণার ভেতর দিয়ে মূলত ইউরোপীয় উপনিবেশবাদী মানসিকতার তীব্র সমালোচনা উঠে আসে। উপনিবেশবাদীরা নিজেদের উন্নত ও সভ্য বলে দাবি করে অন্য জাতি ও সংস্কৃতিকে দমিয়ে রেখেছে, শোষণ করেছে, দাসে পরিণত করেছে। সাহিত্যে নোবেল স্যাভেজ চরিত্র সেই শোষণের বিরুদ্ধে নীরব কিন্তু গভীর প্রতিবাদ। তারা প্রশ্ন তোলে সভ্যতার মানদ- কি কেবল প্রযুক্তি ও ক্ষমতা, নাকি মানবিকতা ও নৈতিকতা? তবে এই ধারণা সম্পূর্ণ প্রশ্নাতীত নয়। অনেক সমালোচকরা মনে করেন, নোবেল স্যাভেজ ধারণা কখনো কখনো প্রাক-সভ্য মানুষদের রোমান্টিকভাবে আদর্শায়িত করে। বাস্তব জীবনের দারিদ্র্য, সহিংসতা বা সামাজিক জটিলতাকে আড়াল করে একটি কল্পিত ‘নিষ্পাপ মানুষ’-এর ছবি আঁকা হয়। এই সীমাবদ্ধতা সত্ত্বেও নোবেল স্যাভেজ ধারণার নৈতিক আবেদন অস্বীকার করা যায় না। আসলে নোবেল স্যাভেজ কোনো নির্দিষ্ট মানুষ বা জাতির প্রতিচ্ছবি নয়; এটি এক ধরনের আয়না। এই আয়নায় সভ্য সমাজ নিজের মুখোমুখি দাঁড়ায়। প্রশ্ন ওঠে—আমরা কতটা উন্নত হয়েছি, আর কতটা মানবিক হয়েছি? প্রযুক্তি ও ক্ষমতার শিখরে পৌঁছে যদি মানুষ মানুষকে শোষণ করে, তবে সেই সভ্যতার মূল্য কতটুকু? এই কারণেই নোবেল স্যাভেজ আজও প্রাসঙ্গিক। এটি আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা মানে শুধু অট্টালিকা, আইন বা প্রযুক্তি নয়; সভ্যতা মানে মানবিকতা, নৈতিকতা ও অন্য মানুষের প্রতি সম্মান। সাহিত্যের পাতায় নোবেল স্যাভেজ তাই কেবল অতীতের ধারণা নয় বরং বর্তমান সভ্যতার আত্মসমালোচনার এক জরুরি ভাষা।
সাহিত্য | ১ ফেব্রুয়ারি ২০২৬
সভ্যতার আত্মপ্রতারণা ও মানবিকতার মুখোমুখি দাঁড়ানো প্রশ্ন























