হজ ফ্লাইট–২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬। ৪:৩৮:১৫ এএম
হজ ফ্লাইট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শুক্রবার দিবাগত রাতে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হজ যাত্রার প্রাক্কালে হজযাত্রীদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। তিনি দেশের কল্যাণে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় হজযাত্রীদের নিকট দোয়া প্রার্থনা করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মোট ২০৭টি ফ্লাইটে প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পরিবহন করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই পুরো কার্যক্রম সম্পন্ন করা হবে।
এছাড়া গত বছরের তুলনায় প্রতি হজ টিকিটে প্রায় ১২ হাজার টাকা ব্যয় কমানো হয়েছে, যা হজযাত্রীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে, যার মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪টি সৌদিয়া এবং ৪টি ফ্লাইনাস পরিচালনা করছে।
সুষ্ঠু ও নিরাপদ হজযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
জাতীয় | ১৮ এপ্রিল ২০২৬
হজ ফ্লাইট–২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান






















