রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬। ৮:২১:৩৭ এএম
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের যেসব এলাকায় প্রধানমন্ত্রী বিমানবন্দর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন, পর্যায়ক্রমে সেগুলোও বাস্তবায়ন করা হবে। সবগুলো বিমানবন্দর একসঙ্গে করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে ধীরে ধীরে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে।’
আফরোজা খানম বলেন, ‘দেশের যে স্থানে অর্থনীতি, জনগণ ও দেশের স্বার্থ জড়িয়ে আছে এবং যেখানে যাত্রীসেবা সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব, সেই বিমানবন্দরগুলোকে সরকার অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি বলেন, ‘সৈয়দপুর যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং এই অঞ্চলটি শিল্প-বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ, সে কারণেই এই বিমানবন্দরটিকে সরকার বিশেষভাবে বিবেচনায় রেখেছে।’
সৈয়দপুর বিমানবন্দরের জন্য ভূমি বা জমি অধিগ্রহণের জটিলতা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের এবং ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও সংক্ষিপ্ত মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।
জাতীয় | ২০ মে ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে: বিমানমন্ত্রী
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :
























