মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ায় হবে দুটি মডেল মন্দির, রথযাত্রায় সম্প্রীতির বার্তা: মানিকগঞ্জে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬। ৩:২৬:৪৫ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানিকগঞ্জের মানুষ সবসময় ঐক্যবদ্ধ। এখানকার মতো সম্প্রীতি ও সৌহার্দ্য অন্য জেলায় খুব কমই দেখা যায়। আগামী দিনে সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে। মানিকগঞ্জ ও সাটুরিয়ায় দুটি মডেল মন্দির এবং শ্মশানঘাট নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “নির্বাচনের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানিকগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে আমার পাশে ছিল। তাদের ভালোবাসার কারণেই আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। ৫ আগস্টের পরও আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম। মানিকগঞ্জে কোনো ভেদাভেদ নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান; সবাই একসঙ্গে সম্প্রীতির বন্ধনে বসবাস করছি।”
তিনি আরও বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। এই সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।”
আফরোজা খানম রিতা বলেন, “দীর্ঘ ১৭ বছরে মানিকগঞ্জে ভালো কোনো মন্দির বা শ্মশানঘাট নির্মাণ হয়নি। বিভিন্ন স্থানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে এসব সমস্যার কথা শুনেছি। তাই মানিকগঞ্জ ও সাটুরিয়ায় দুটি মডেল মন্দিরের পাশাপাশি শ্মশানঘাট নির্মাণ করা হবে। ভবিষ্যতে সনাতনী ভাই-বোনদের সুবিধার্থে যা যা প্রয়োজন, সবই করা হবে।”
অনুষ্ঠান শেষে মন্ত্রী রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ভোজের আয়োজনের জন্য তিনি ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির আলম খান লদী, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান কল্যান ফ্রন্ট জেলা শাখার যুগ্ম আহবায়ক মিঠু রবিদাস ,জেলা লা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় | ১৭ জুলাই ২০২৬
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ায় হবে দুটি মডেল মন্দির, রথযাত্রায় সম্প্রীতির বার্তা: মানিকগঞ্জে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা























