মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট ২০২৬। ৭:৫৩:৪৩ এএম
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বেলা ১০.৩০ টার দিকে বিশেষ হেলিকপ্টারে করে মাতারবাড়ী হেলিপ্যাডে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
হেলিকপ্টার অবতরণের পর স্থানীয় সংসদ সদস্য আলমগীর ফরিদ, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
মাতারবাড়ী বর্তমানে কক্সবাজার তথা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এখানে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। একইসঙ্গে নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ড চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে। গভীর সমুদ্রবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন, শিল্পায়ন ও সমুদ্রভিত্তিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাতারবাড়ী ও মহেশখালীজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শনের ফলে মাতারবাড়ীর চলমান মেগা প্রকল্পগুলো আরও গতিশীল হবে এবং এসব প্রকল্পের সুফল স্থানীয় জনগণের জীবন ও জীবিকার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হবে।
স্থানীয়দের অন্যতম দাবি হলো—বৃহৎ প্রকল্পগুলোতে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা। তাদের মতে, মাতারবাড়ীকে ঘিরে যে বিপুল উন্নয়ন কর্মকাণ্ড চলছে, এর সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছাতে পারলে এ অঞ্চল শুধু কক্সবাজার নয়, দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাতারবাড়ীর বিভিন্ন সড়ক, প্রকল্প এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর মাতারবাড়ী সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা এখন নতুন মাত্রা পেয়েছে।
তাদের আশা, গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য মেগা প্রকল্পের সমন্বিত উন্নয়নের মাধ্যমে মাতারবাড়ী ভবিষ্যতে কর্মসংস্থান, শিল্পায়ন, বাণিজ্য ও আধুনিক যোগাযোগের একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে এবং এর সুফল পৌঁছাবে মহেশখালী-মাতারবাড়ীর সাধারণ মানুষের ঘরে ঘরে।
জাতীয় | ৯ আগস্ট ২০২৬
মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী






















