একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
- প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই ২০২৬। ৯:১৮:০৭ এএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আজ আমরা শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি। আমরা একত্রিত হয়েছি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দিতে এবং একটি গাছের মাধ্যমে একটি সুন্দর আগামীর বীজ বপন করতে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “একটি শিশু একটি গাছ” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের নাম নয়। উন্নয়ন তখনই অর্থবহ, যখন প্রকৃতি সুরক্ষিত থাকে, পরিবেশ নিরাপদ থাকে এবং মানুষ সচেতন হয়। তাই একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়; এটি একটি অঙ্গীকার, একটি দায়িত্ব এবং আগামী প্রজন্মের জন্য একটি মূল্যবান উপহার।”
অনুষ্ঠানে উপস্থিত মানিকগঞ্জবাসীর প্রতি আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। তিনি মানিকগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে নিয়ে একটি গাছের চারা রোপণের মাধ্যমে “একটি শিশু একটি গাছ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সারওয়ার আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ বিএনপি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় | ১৯ জুলাই ২০২৬
একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা























