গ্যাসের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর ২০২৬। ৭:৪৭:০৮ এএম
গ্যাস সরবরাহের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
রবিবার (৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় ফয়েজ পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
এ সময় ‘গ্যাস দে, নইলে সড়ক বন্ধ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়ক। অবরোধের কারণে সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষুব্ধ চালকরা জানান, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তারা নিয়মিত সিএনজিচালিত অটোরিকশা চালাতে পারছেন না। এতে তাদের আয় কমে যাচ্ছে এবং যাত্রী পরিবহনও ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।
সিএনজিচালিত অটোরিকশার চালক আশরাফ মিয়া বলেন, “গ্যাসের সংকটের কারণে নিয়মিত গাড়ি চালাতে পারছি না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে আমাদের আয় কমে গেছে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”
অপর চালক শাহ আলম বলেন, “গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আমাদের দুর্ভোগ আরো বাড়বে। আমরা দ্রুত সমস্যার সমাধান চাই। গ্যাস না পেলে গাড়ি চালিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করব সেটাই এখন বড় চিন্তার বিষয়।”
স্থানীয় যাত্রী লায়লা আক্তার বলেন, “সিএনজিচালিত অটোরিকশা চালকদের সমস্যার কারণে যান চলাচলও ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন।”
ফয়েজ পেট্রোল পাম্পের এক বিক্রয় প্রতিনিধি বলেন, “গ্যাসের সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী সিএনজি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন বিপুলসংখ্যক গাড়ি গ্যাসের জন্য অপেক্ষা করছে। সরবরাহ স্বাভাবিক হলে এই সংকট অনেকটাই কমে আসবে।”
সারাদেশ | ৪ অক্টোবর ২০২৬
গ্যাসের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ














