সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশের কল্যানে কাজ করার আহবান-খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
- প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬। ১:৪৫:৫৬ পিএম
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি,সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে দেশের কল্যানে কাজ করার আহবান জানিয়েছেন।
ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং এ দেশের নাগরিক।সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে।
মঙ্গলবার (২০অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম কালীবাড়ী পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরোও বলেন,‘আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।’
মন্ত্রী বলেন, সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলতে হবে। দলীয় নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন খাদ্যমন্ত্রী। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্তপুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মৌসুমী নাসরিন,জেলা বিএনপির সাবেকসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাদল, নবগ্রাম কালীবাড়ী পূজা মন্ডপ কমিটির সভাপতি রতন সরকার সহ অন্যান্যরা।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও নানা দাবি তুলে ধরা হলে তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রীকে কাছে পেয়ে পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উৎসবমুখর পরিবেশে তাঁরা মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
জাতীয় | ২০ অক্টোবর ২০২৬
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশের কল্যানে কাজ করার আহবান-খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা





















