দৌলতপুরে অবৈধভাবে সার বিক্রি, সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
- প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬। ৯:১৯:২৪ এএম
মানিকগঞ্জের দৌলতপুরে নিয়মবহির্ভূতভাবে অন্য জেলার ক্রেতার কাছে অধিক দামে সার বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার সমেতপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সাব-ডিলার হাবিবুর রহমান হবি দৌলতপুর বাজারের মেসার্স দীপু ট্রেডার্সের স্বত্বাধিকারী বা সংশ্লিষ্ট সাব-ডিলার হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে আসা এক ক্রেতা দৌলতপুর বাজারের ওই সাব-ডিলারের দোকান থেকে অধিক দামে ১১ বস্তা সার কেনেন। পরে সার নিয়ে যাওয়ার পথে সমেতপুর এলাকায় স্থানীয় লোকজন চালকটিকে আটক করেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় অভিযুক্ত সাব-ডিলার নিজের অপরাধ স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আটক করা ১১ বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। পাশাপাশি তাঁর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার মাত্র এক দিন আগেই দৌলতপুর উপজেলার সব সার ডিলার ও সাব-ডিলারকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার বিক্রির ক্ষেত্রে আগের বিভিন্ন অভিযোগ ও অনিয়ম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
এর এক দিন পরই এ ধরনের অনিয়মের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে প্রশাসন। ভবিষ্যতে কোনো ডিলার বা সাব-ডিলার এ ধরনের অপরাধে জড়ালে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিক্রি নিশ্চিত করা এবং প্রকৃত কৃষকদের কাছে কৃষি উপকরণ পৌঁছে দিতে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অপরাধ | ১৬ অক্টোবর ২০২৬
দৌলতপুরে অবৈধভাবে সার বিক্রি, সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা




















