পূজার ছুটিতে পাটুরিয়া ঘাট বাড়তি প্রস্তুতি পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬। ৭:২৭:১৩ এএম
শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পাটুরিয়া-আরিচা ও দৌলতদিয়া নৌপথের ঘাটগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বৃহস্পতিবার (অক্টোবর) দুপুরে পাটুরিয়া ঘাটে গিয়ে ফেরি ও লঞ্চ চলাচল এবং যাত্রীসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় লঞ্চঘাটের চলমান উন্নয়নকাজ পরিদর্শনের পাশাপাশি লঞ্চমালিকদের সঙ্গে কথা বলেন। যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। পরে ফেরিতে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের যাতায়াতের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।
প্রতিমন্ত্রী জানান, পূজার ছুটিতে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ছুটি শেষে নির্বিঘ্নে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিবহন খাতের বিভিন্ন সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। ঈদের ছুটিতে যেভাবে যাত্রীসেবা পরিচালনা করা হয়, এবারও প্রায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নৌপথে নাব্যতা সংকট কিংবা নদীভাঙনের কারণে চলাচলে সমস্যা হলে বিকল্প ঘাট ব্যবহার করা হবে বলে জানান তিনি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি ড্রেজারও প্রস্তুত রাখা হয়েছে। ঘাটের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে যাত্রী চলাচল সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় | ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে পাটুরিয়া ঘাট বাড়তি প্রস্তুতি পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী


















