মানিকগঞ্জে দিশারীর আয়োজিত সমতার তারুণ্য, ডিজিটাল নিরাপত্তা ও জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর ২০২৬। ৪:৩২:০০ পিএম
ডিজিটাল নিরাপত্তা, জেন্ডার সমতা ও অ্যাডভোকেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এবং দিশারীর আয়োজনে মানিকগঞ্জের বেউথা এলাকার পাড় রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিশারীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারের পরিচালনায় প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনপিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক ও দিশারীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার ড. ফারুক হোসেন, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দিশারীর উপদেষ্টা মো. আকরাম হোসেন, দিশারীর সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল হোসেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান আশিক, লতিফা আক্তার পুতুল, বর্ষাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রশিক্ষণে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডার সমতা, নারীর অধিকার, জেন্ডার পলিসি এবং অ্যাডভোকেসি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ আচরণ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে তরুণদের ভূমিকা তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নারীর অধিকার রক্ষা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
শিক্ষা | ১১ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে দিশারীর আয়োজিত সমতার তারুণ্য, ডিজিটাল নিরাপত্তা ও জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত



















