বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যুর তিন দশক
- প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬। ৭:০০:৫৭ এএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলো আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। তবে তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি তার।
নব্বইয়ের দশকের চলচ্চিত্রে সালমান শাহ ছিলেন তারুণ্য, রোমান্স ও ফ্যাশনের অন্যতম প্রতীক। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা আজও বাংলা চলচ্চিত্রে বিরল।
সালমান শাহর স্মৃতি সবচেয়ে বেশি জড়িয়ে আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসির বিভিন্ন স্থানের সঙ্গে। সেখানে তার অভিনীত সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছিল। এসব জায়গায় এখনো ভক্তদের আনাগোনা দেখা যায়। প্রিয় তারকার স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি তারা ফিরে যান সালমান শাহর সিনেমার সময়ের স্মৃতিতে।
‘মায়ের অধিকার’, ‘প্রিয়জন’, ‘মহামিলন’, ‘বিক্ষোভ’, ‘জীবন সংসার’সহ বেশ কিছু সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য বিএফডিসির বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছিল। এসব দৃশ্যের অনেকগুলোই এখনো দর্শকের কাছে জনপ্রিয়।
শুধু অভিনয় নয়, সালমান শাহর পোশাক, চুলের স্টাইল, সানগ্লাস এবং হাঁটার ধরনও একসময় তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিনেমার দৃশ্য ও গান নতুন করে ছড়িয়ে পড়ায় বর্তমান প্রজন্মের কাছেও তার পরিচিতি তৈরি হচ্ছে।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। মৌসুমীর বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।
১৯৯৪ সালে শাবনূরের সঙ্গে ‘তুমি আমার’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন সালমান শাহ। এরপর তাদের জুটি ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’সহ ১৪টি সিনেমায় দর্শকপ্রিয়তা পায়।
সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএফডিসিতে আয়োজন করা হয়েছে তিন দিনের বিনামূল্যের চলচ্চিত্র উৎসব ‘সালমান শাহ স্মরণ’। ৬ থেকে ৮ সেপ্টেম্বর বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে তার তিনটি সিনেমা প্রদর্শিত হবে। প্রতিদিন বিকেল ৪টায় শুরু হবে প্রদর্শনী।
তিন দশক পরও সালমান শাহ শুধু একজন প্রয়াত চলচ্চিত্র তারকা নন, বরং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের দর্শকের কাছেও তার সিনেমা, গান ও অভিনয়ের দৃশ্য এখনো সমানভাবে আকর্ষণ তৈরি করছে।
বিনোদন | ৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যুর তিন দশক

























