রাষ্ট্রপতির আসনে ৯০ দিনের মধ্যে ভোট: ইসি
- প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট ২০২৬। ৯:৩২:১৫ এএম
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক সময়সীমা ৯০ দিনের মধ্যে ভোট সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে কমিশন।
এর আগে শানিবার জাতীয় সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন থেকেই মির্জা ফখরুলের সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। তিনি গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী সংসদীয় আসন শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হয়। সেই বাধ্যবাধকতা সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার আগে ভোটের সম্ভাব্য সময়, প্রশাসনিক প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নিয়ে কাজ করবে কমিশনের সংশ্লিষ্ট শাখাগুলো।
এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। কমিশন এ বিষয়ে অযথা সময়ক্ষেপণ করবে না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আসনটি শূন্য হওয়ার পর নির্বাচন আয়োজনের যে সাংবিধানিক সময়সীমা রয়েছে, তা বিবেচনায় রেখেই কমিশন কাজ করবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে যথাসময়ে তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে।
জাতীয় | ২৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির আসনে ৯০ দিনের মধ্যে ভোট: ইসি























