ফখরুলের পক্ষে সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। ৪:১২:৫৭ এএম
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দিতে দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
চিফ হুইপ বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় দলের সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে আগামীকালের রাষ্ট্রপতি নির্বাচনে সবাইকে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সরকারি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ।
নুরুল ইসলাম মনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটগ্রহণ ও ফল ঘোষণার গুরুত্বপূর্ণ সময় সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।
চিফ হুইপ বলেন, ভোট শুরুর পাঁচ মিনিট আগে সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণের মধ্যবর্তী সময়ের কার্যক্রম রেকর্ড করা হবে। এরপর ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াও সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি আরো বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। এখন সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য।
রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপরজন কর্নেল (অব.) অলি আহমদ। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও ভোট দেওয়ার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যক্ষ করবে। এতে ভোটের প্রতি মানুষের নতুন প্রত্যাশা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী ২১ আগস্ট নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে আলাদা প্রচার-প্রচারণার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্যরা সংসদে এসেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারি দলের সদস্যরা ভোট দেবেন। অন্য সংসদ সদস্যরাও নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।
জাতীয় | ২০ আগস্ট ২০২৬
ফখরুলের পক্ষে সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী























