মানিকগঞ্জ শহরের বেউথা রোডের ময়লা-আবর্জনা পরিষ্কারে যুবদল নেতা পারভেজের উদ্যোগ, প্রশংসায় স্থানীয়রা
- প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬। ৮:১৪:১২ এএম
মানিকগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ বেউথা রোডের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ। গত দুই সপ্তাহ ধরে তিনি নিজ উদ্যোগে শ্রমিক দিয়ে সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।
তার এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় দোকানদার, পথচারী ও অটোরিকশাচালকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আগে সড়কের দুই পাশে ময়লার স্তূপ থাকায় দুর্গন্ধ ও পানি জমে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো বলে জানান স্থানীয়রা। পরিষ্কার করার পর সড়কের পরিবেশ অনেকটাই সুন্দর হয়েছে বলে তাদের দাবি।
বেউথা রোডের দোকানদার জামাল উদ্দিন বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরসভার। কিন্তু দীর্ঘদিন ধরে পৌরসভার পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। মাসুদ পারভেজ নিজ উদ্যোগে পৌরসভার এই কাজটি করছেন। এটি অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা এমন নেতাই চাই, যারা মানুষের পাশে থেকে বাস্তব কাজ করেন।
আরেক দোকানদার আরিফ হোসেন বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সবার জন্যই জরুরি। মাসুদ পারভেজ ভাইয়ের উদ্যোগে যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, এটি খুবই ভালো উদ্যোগ। দুই সপ্তাহ আগেও এখানে ময়লা-আবর্জনায় ভরপুর ছিল। এখন রাস্তার পরিবেশ অনেক ভালো দেখাচ্ছে।
অটোরিকশাচালক করিম মিয়া বলেন, তিনি নিয়মিত এই সড়ক দিয়ে অটোরিকশা চালান। আগে রাস্তার দুই পাশে ময়লার স্তূপ থাকায় পানি জমে থাকত এবং চলাচলে সমস্যা হতো। এখন ময়লা পরিষ্কার করায় পানি জমে থাকার সমস্যাও অনেকটা কমেছে। রাস্তার পরিবেশও সুন্দর হয়েছে।
এ বিষয়ে মাসুদ পারভেজ বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শহর আমাদেরই। তাই শুধু পৌরসভা বা সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে না থেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসা উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিষ্কার-পরিচ্ছন্নতার আহ্বানে সাড়া দিয়ে মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আপার দিকনির্দেশনায় আমি ব্যক্তিগত উদ্যোগে বেওথা রোডের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছি। যতদিন প্রয়োজন হবে, ততদিন এ কার্যক্রম চালিয়ে যাব। ভবিষ্যতে শহরের অন্য এলাকাগুলোতেও সামর্থ্য অনুযায়ী এ ধরনের উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।”
তিনি আরও বলেন, “শুধু ময়লা পরিষ্কার করলেই হবে না, মানুষকেও সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং যেখানে-সেখানে আবর্জনা না ফেলার বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে আমাদের শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব।”
স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি মানিকগঞ্জ পৌরসভাও নিয়মিতভাবে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর ব্যবস্থা নেবে।
সারাদেশ | ১১ আগস্ট ২০২৬
মানিকগঞ্জ শহরের বেউথা রোডের ময়লা-আবর্জনা পরিষ্কারে যুবদল নেতা পারভেজের উদ্যোগ, প্রশংসায় স্থানীয়রা





















