মানিকগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম
- প্রকাশিত : বুধবার, ১০ জুন ২০২৬। ১১:৩৫:৫০ এএম
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কালিনগর গ্রামে জমি ও বাড়ির সীমানা বিরোধের জেরে মো. মুক্তার হোসেন (৭২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর জামাতা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় তিনজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কালিনগর গ্রামের নুর হোসেন (৪৫), তার ছেলে জাহাঙ্গীর হোসেন (২২) এবং স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।
অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিনগর চকে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে মুক্তার হোসেনকে তার বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তায় প্রতিপক্ষরা পথরোধ করে। এ সময় পূর্ব বিরোধের জেরে আসামিরা তাকে গালিগালাজ করে এবং একপর্যায়ে মারধর শুরু করে।
এজাহার সূত্রে জানা যায়, আসামি জাহাঙ্গীর হোসেন মুক্তার হোসেনের কলার ধরে টেনে তাদের বাড়ির উঠানে নিয়ে যান। পরে আসামি আনোয়ারা বেগমের নির্দেশে নুর হোসেন লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতে আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হয়। পরে জাহাঙ্গীর হোসেন দা দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে আনোয়ারা বেগম বৃদ্ধের বুকের ওপর বসে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
আহত মুক্তার হোসেনকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার বাম পায়ের নিচে ১৮টি সেলাইসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অপরাধ | ১০ জুন ২০২৬
মানিকগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম



















