বিমান ও পর্যটন মন্ত্রী রিতা
নারীরা ঘরও সামলাতে পারে, নারীরা দেশও চালাতে পারে- মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী রিতা
- প্রকাশিত : রবিবার, ৮ মার্চ ২০২৬। ৩:৩৪:০২ পিএম
মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নারীরা আজ যেমন ঘর সামলাতে পারে, নারীরা দেশও চালাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উন্নয়নের জন্য ৩১ দফার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা তিনি করেছেন।
আজ রবিবার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারী সমাজ এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারা যেন আরো এগিয়ে যেতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে যা করা যায় আমরা পদক্ষেপ গ্রহণ করবো। পাশাপাশি নারীরা রাজনীতিতেও এগিয়ে যাচ্ছে। তারা যেন তৃণমূল বিভিন্ন কাজে ভূমিকা রাখতে পারে সেজন্য আরো তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এই প্রতিপাদ্যকে ধারণ করে এই অনুষ্ঠানের সহযোগিতা করেন জাতীয় মহিলা সংস্থা ও খাদ্য কর্মসূচি ও অন্যান্যরা সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মর্জিনা ইয়াসমিন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ অনেকেই।
পরে অত্র দপ্তরের প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও ভাতা বিতরণ করেন প্রধান অতিথি আফরোজা খানম রিতা।
এরআগে দিবসটি উপলক্ষে জেলার সমন্বিত সরকারি অফিস ভবনের নিচে কয়েটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের পন্যের স্টল পরিদর্শন করেন মন্ত্রী ।
রাজনীতি | ৮ মার্চ ২০২৬
নারীরা ঘরও সামলাতে পারে, নারীরা দেশও চালাতে পারে- মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী রিতা
























