আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬। ৬:১৫:০০ এএম
তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। এ আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ফোরামে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়া এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও আলাদা বৈঠকের সুযোগ তৈরি হতে পারে।
এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়টি গুরুত্ব পাবে।
এর আগে গত মার্চের মাঝামাঝিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন, যেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমে অংশ নেন।
জাতীয় | ১৬ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান























