মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। ৯:২০:১২ এএম
‘প্রবীণদের মর্যাদা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করি—এমন প্রত্যাশার মধ্য দিয়ে মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রবীণ হিতৈষী সংঘের সিনিয়র সহ-সভাপতি আ ত ম জহিরুল আলম খান লোদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সভায় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন ধরনের সেবা নিতে গিয়ে প্রবীণদের অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বয়সজনিত কারণে এতে তাদের শারীরিক কষ্ট ও ভোগান্তিতে পড়তে হয়। তাই প্রবীণদের জন্য সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ ছাড়া জেলার প্রবীণদের কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কোনো অফিস না থাকায় তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সমস্যার কথা তুলে ধরা হয়। প্রবীণদের বসার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিসেরও দাবি জানান বক্তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাবেক সভাপতি মঈনুদ্দিন আহম্মেদ, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মোহাম্মদ দাউদ খান, এমডিপিওডি এর পরিচালকি মো: এন্তাজ আলী এবং জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন। এ সময় জেলার বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “প্রবীণরা যেন কোনো ধরনের সেবা নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের সহজে ও সম্মানের সঙ্গে সেবা পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”
তিনি আরও বলেন, প্রবীণদের কার্যক্রম পরিচালনার জন্য অফিসের দাবির বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, সরকারি সেবায় অগ্রাধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সারাদেশ | ১ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত














