মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচে লাখো মানুষের ঢল
- প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর ২০২৬। ৫:৫৬:২০ এএম
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
ঢাকঢোল, আর বৈঠার ছন্দে মুখরিত হয়ে উঠল মানিকগঞ্জের কালীগঙ্গা নদী। ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে শনিবার দুপুর থেকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে জেলা শহরের বেউথা ঘাট এলাকায়। নদীর দুই তীরে জড়ো হন লাখো দর্শনার্থী। নানা রঙ ও আকৃতির নৌকার প্রতিযোগিতায় মুহূর্তেই প্রাণ ফিরে পায় কালীগঙ্গার বুক।
শনিবার দুপুরে বেউথা ঘাট থেকে শুরু হওয়া এ নৌকাবাইচে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন। চারটি ক্যাটাগরিতে মোট ২২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। ক্যাটাগরিগুলো হলো—ছান্দি, ঘাসি, খেল্লা ও পানসি। এর পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও অংশ নেয় ব্যতিক্রমী এ আয়োজনে।
বাইচ শুরু হওয়ার পর নদীর দুই পাড়ে উৎসুক দর্শনার্থীদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ নৌকার গতি অনুসরণ করেছেন নদীর পাড় ধরে, আবার কেউ নৌকায় চড়ে উপভোগ করেছেন প্রতিযোগিতা। বৈঠার তালে তালে প্রতিযোগী নৌকাগুলো যখন ছুটে যায়, তখন করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিযোগিতার ছান্দি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ‘গায়ান বাড়ি। পুরস্কার হিসেবে তারা পেয়েছে একটি ইলেকট্রিক মোটরবাইক। দ্বিতীয় হয়েছে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’, তৃতীয় ‘গায়ান তরী’ এবং চতুর্থ ‘সোনার চান’। এ তিন নৌকার প্রতিটিকে একটি করে ফ্রিজ দেওয়া হয়।
ঘাসি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ‘বাইমাইল এক্সপ্রেস’। বিজয়ী দল পেয়েছে একটি মোটরসাইকেল। এ বিভাগে দ্বিতীয় হয়েছে ‘কালাম শিকদার এক্সপ্রেস’; তাদের দেওয়া হয়েছে একটি ফ্রিজ।
খেল্লা ক্যাটাগরিতে সবার নজর কাড়ে কুড়িগ্রাম থেকে আসা ‘মায়ের দোয়া’ নৌকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নৌকাটি পেয়েছে একটি মোটরসাইকেল। দ্বিতীয় হয়েছে ‘মা-বাবার দোয়া’, তাদের দেওয়া হয়েছে একটি ফ্রিজ।
অন্যদিকে পানসি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ‘জনতা এক্সপ্রেস’। পুরস্কার হিসেবে তাদের দেওয়া হয় একটি মোটরসাইকেল। দ্বিতীয় হয়েছে ‘আজম ব্রাদার্স’, তৃতীয় ‘বাগচী চ্যালেঞ্জার’ এবং চতুর্থ ‘নকিব বাড়ি একতা এক্সপ্রেস’। এ তিন নৌকার প্রতিটিকে একটি করে ফ্রিজ দেওয়া হয়।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে দুপুর থেকেই বেউথা ঘাট ও কালীগঙ্গা নদীর দুই তীরে মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ, বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়।
আয়োজকরা জানান, কালীগঙ্গার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে প্রতিবছরই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। নদী ও গ্রামীণ বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এই আয়োজন নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আবহ তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। নৌকাবাইচের আয়োজন দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। সেজন্য আজকের এই নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। মানিকগঞ্জের মানুষ যেহেতু শান্তিপ্রিয় তাই এই নৌকাবাইচ আজকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় মানিকগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের ঐতিহ্যকে বর্তমান সরকার ধারণ করে।
নৌকাবাইচ পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আ ত ম জহির আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
বিনোদন | ৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচে লাখো মানুষের ঢল














