ট্রাফিক পুলিশের মামলা-জরিমানা, উল্টো পথে মন্ত্রী মিল্লাতের গাড়ি
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬। ১২:০৯:০৪ পিএম
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ রোডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুশিলের ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।
তিনি বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিলো। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নং ঢাকা মেট্রো –ঘ- ১৮-২১২৫। এসময় চালককে বলা হয় এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিট পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন।’
ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা দুইটি মামলা করা হয়েছে বলে জানান। ‘রেঞ্জ রোভার’ এই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি জানান, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিলো সেই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিলো।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ি ছিলো। ওই সময়ে মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাত গাড়িতে ছিলেন।
ট্রাফিক কর্মকর্তারা জানান, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগ মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম।
মন্ত্রীর গাড়ির উল্টো পথে চলার এই সংবাদ সচিবালয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। সরকারের উধর্বতন এক কর্মকর্তা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহন ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে।
জাতীয় | ৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাফিক পুলিশের মামলা-জরিমানা, উল্টো পথে মন্ত্রী মিল্লাতের গাড়ি
























