মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ার আহবান-মানিকগঞ্জের দৌলতপুরে এস এ জিন্নাহ কবির এমপি
- প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬। ৩:৩১:৫৮ পিএম
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, “মাদক একটি পরিবারকে ধ্বংস করে, একটি সমাজকে ধ্বংস করে এবং শেষ পর্যন্ত একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার ও সমাজের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
শুক্রবার (২১ আগস্ট) বিকালে দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর আয়োজনে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। কোনো তরুণ যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে এবং অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
এমপি জিন্নাহ কবির আরও বলেন, “চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো অন্যায় ও অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সভায় অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মীর মানিকুউজ্জামান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসেন, মো. সাইফুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহবায়ক অ্যাডভোকেট হুমায়ূন কবির (এলিট), ধামশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় | ২১ আগস্ট ২০২৬
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ার আহবান-মানিকগঞ্জের দৌলতপুরে এস এ জিন্নাহ কবির এমপি
























